স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের ৫নং ওয়ার্ডে চলতি বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজন কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শিমুলবাক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের কয়েকজন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করেছেন, বন্যার পানিতে তাদের কৃষিজমির ধান নষ্ট হয়ে গেলেও সরকারি সহায়তার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। বরং অর্থের বিনিময়ে এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে, যাদের কোনো কৃষিজমিই নেই কিংবা বন্যায় ক্ষতিগ্রস্ত হননি।
লিখিত অভিযোগে আব্দুল কাদির, আমির উদ্দিন ও দিলওয়ার হোসেন উল্লেখ করেন, ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যের মাধ্যমে তালিকা তৈরির সময় নানা অনিয়ম সংঘটিত হয়েছে। তারা অভিযোগ করেন, “প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা হতদরিদ্র কৃষকদের সঙ্গে চরম অন্যায়।”
অভিযোগকারীরা আরও জানান, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করা হলে তারা সরকারি সহায়তা পেতে পারেন। একইসঙ্গে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউপি সদস্যের বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, দুর্যোগকালে সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত না হলে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ বঞ্চিত হবেন এবং জনমনে ক্ষোভ সৃষ্টি হবে।
ঢাকা
,
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ
-
মান্নার মিয়া - আপডেট সময় ১১:২৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- ৫৩১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ















