স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৫ নম্বর পাথারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী জামিল আহমদের নিজ বাড়ির উঠানে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় আয়োজিত এ বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় ইউনিয়নের স্থায়ী পরিষদ কার্যালয় প্রতিষ্ঠা, নলকূপ সচল করা এবং জনসেবার মানোন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন জামিল আহমদ।
বৈঠকে বক্তব্য দিতে গিয়ে জামিল আহমদ বলেন, “আমরা সব সময় আমাদের গ্রামের চেয়ারম্যান প্রার্থীদের সমর্থন দিয়ে ভোট দিয়ে এসেছি। কিন্তু আমাদের গোষ্ঠী থেকে কখনো কেউ চেয়ারম্যান পদে প্রার্থী হননি। এবার আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই।”
ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে এখানে স্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় না থাকার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। নির্বাচিত হলে সরকার উপযুক্ত স্থান পছন্দ করলে তাঁর নিজস্ব জমি থেকে বিনা মূল্যে জমি দলিল করে দেওয়ার উদ্যোগ নেবেন। এর মাধ্যমে ইউনিয়নবাসীর দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণে ভূমিকা রাখতে চান বলে জানান তিনি।
এলাকার পানির সমস্যা প্রসঙ্গে জামিল আহমদ বলেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে অনেক নলকূপ নষ্ট হয়ে পড়ে আছে। ফলে স্থানীয় বাসিন্দারা এসব নলকূপ থেকে পানি পাচ্ছেন না। নির্বাচিত হলে নষ্ট নলকূপগুলো মেরামত করে সচল করা এবং প্রয়োজন অনুযায়ী গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
বৈঠকে সভাপতিত্ব করেন পাথারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও গাজীনগর গ্রামের প্রবীণ মুরব্বি ছুরাব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান।
এ সময় বক্তব্য দেন গাজীনগর গ্রামের রিয়াজ উদ্দিন,জামাল আবু নাসের,জিয়াউর রহমান,নুর আহমদ মিলন,দরগাহপুর গ্রামের ইন্তাজ উল্লাহ,আব্দুল হাদি,গাজীনগর গ্রামের তুহিনুর রহমান,মার্জান আহমেদ,আফরোজ মিয়া ও সাকির আহমেদ। এ ছাড়া দরগাহপুর গ্রামের উমেদ খান ও বাবুল শেখ বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীনগর গ্রামের ইউসুফ আলী, বছির মিয়া,ছুরতজ্জামান আলেখ উদ্দিন সহ গাজীনগর ও দরগাহপুর গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বৈঠকে স্থানীয় পর্যায়ের উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ইউনিয়নবাসীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জামিল আহমদ তাঁর পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরে উপস্থিত ব্যক্তিদের দোয়া ও সমর্থন কামনা করেন।
ঢাকা
,
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শান্তিগঞ্জে জামিল আহমদের উঠান বৈঠক নির্বাচিত হলে ইউপি কার্যালয়ের জন্য বিনা মূল্যে জমি দেওয়ার ঘোষণা
-
মান্নার মিয়া - আপডেট সময় ১১:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- ৮৩৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


















